ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পর জল্পনা চলছিল ২২ অগস্ট কলকাতা মেট্রোর তিনটি প্রকল্প উদ্বোধনের ৷ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে এসেছে তাতে প্রথমেই উল্লেখ করা হয়েছে যে, আগামী ২২ অগাস্টের সকালে কলকাতা মেট্রোর তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিঠিতে উল্লিখিত প্রকল্প তিনটি হল, ইয়েলো লাইনের নোয়াপাড়া – জয়হিন্দ, অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় – বেলেঘাটা এবং গ্রিন লাইনের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড । অর্থাৎ, এর থেকে একটা বিষয় বেশ স্পষ্ট যে সবকিছু ঠিকঠাক এগোলে আগামী 22 অগস্ট শুক্রবার শহরবাসী আরও তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট পেতে চলেছে । সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং অন্যান্য লজিস্টিকসের কথা মাথায় রেখে উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য ইয়েলো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনটিকে বেছে নেওয়া হয়েছে । যদিও এর আগে মেট্রো কর্তৃপক্ষের কাছে উদ্বোধনের বিষয়টি জানতে চাওয়া হলে তাঁরা জানিয়েছিলেন, খুব শীঘ্রই উদ্বোধন হবে ৷ তবে দিনক্ষণ স্পষ্ট করেননি ৷

নয়া তিন প্রকল্প :

ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন : এসপ্ল্যানেড – শিয়ালদা । পথ ২.৬ কিমি ।

ইয়েলো লাইন নোয়াপাড়া – বিমানবন্দর করিডর । পথ ৭.০৩ কিমি ।

অরেঞ্জ লাইন (ফেজ ২): রুবি – মেট্রোপলিটন অংশ । পথ ৪.৫ কিমি ।

অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুট দীর্ঘদিন আগে তৈরি হয়ে গেলেও এই অংশের যাত্রী পরিষেবা এখনও চালু করা হয়নি । অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় – বেলেঘাটা রুটে রয়েছে মোট পাঁচটি স্টেশন । সেগুলি হল – হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড়, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি এবং বেলেঘাটা । এই অংশের যাত্রী পরিষেবা চালু হয়ে গেলে বাইপাস, গড়িয়া, রুবি, ইস্টার্ন মেট্রোপলিটন এবং তার সংলগ্ন এলাকার মানুষজন বিশেষভাবে উপকৃত হবে । আর উপকৃত হবেন সেই সব মানুষ যারা দক্ষিণ কলকাতা এবং তার সংলগ্ন অন্যান্য প্রান্তিক জায়গাগুলি থেকে প্রতিদিন ব্যাপক যানজট পেরিয়ে সল্টলেক সেক্টর ফাইভ যান । ইয়েলো লাইন নোয়াপাড়া – বিমানবন্দর করিডর অংশে চারটি মেট্রো স্টেশন রয়েছে । সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর । কলকাতা মেট্রো রেলের ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা চালু হলে জুড়ে যাবে গ্রিন লাইন ১ এবং ২। তখন একটি মেট্রোতেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা বা এসপ্ল্যানেড । আবার এসপ্ল্যানেড থেকে সোজা হাওড়া ময়দান । অর্থাৎ, এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত । বলাই বাহুল্য যে সব মিলিয়ে ১৬.৬ কিমি মেট্রো পথ খুলে গেলে লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন ।