এবার সিনেমায় অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে মডেলকে গণধর্ষণের অভিযোগ ৷ তরুণীর অভিযোগ, কসবারই বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার গণধর্ষণ করা হয় তাঁকে । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “সোমবার রাতে এক তরুণী কসবা থানায় এসে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন । সেই মতো দুই অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলার রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ৷” পুলিশ সূত্রে খবর, তদন্ত নেমে পুলিশ খতিয়ে দেখছে ওই দুই যুবকের পরিচয় । পাশাপাশি ওই দুই যুবকের সঙ্গে ফিল্মি-জগতের কোনও কলাকুশলীর আদৌ যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । ওই তরুণী পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে । ওই সময় সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় ওই দুই অভিযুক্তের ৷ সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয় । মূলত, ওই তরুণী একজন মডেল । ওই দুই যুবক নিজেদের সিনেমার প্রযোজক বলে জাহির করেন এবং টলিউড ও বলিউডে কাজের সুযোগ পাইয়ে দেবেন বলে তরুণীকে আশ্বাস দেন । এছাড়াও বিনোদন জগতের কলাকুশলীদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে, এমনটাও বলে তাঁরা তরুণীর বিশ্বাস অর্জন করেন । তরুণীর অভিযোগ, বিনোদন জগতের বিভিন্ন পার্টিতেও তরুণীকে নিয়ে যেতেন ওই দুই যুবক । এরপর সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন । পরবর্তী সময়ে তরুণী জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । ওই দুই যুবকের মধ্যে কেউই প্রযোজক নন, এবং বিনোদন জগতের কোনও কলাকুশলীদের সঙ্গেও তাঁদের কোনোরকম যোগাযোগ নেই । তরুণীর দাবি, এরপরেই তিনি একাধিকবার ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁরা তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাননি বলে অভিযোগ । তারপরেই বাধ্য হয়ে ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন । লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ঘটনার তদন্তে যা যা করণীয়, এই সকল বিষয়গুলি তদন্তকারীরা করছেন । পাশাপাশি অভিযুক্ত দুই যুবকের নামে গণধর্ষণের মামলা রুজু হয়েছে ৷ প্রসঙ্গত, কয়েক মাস আগে এই কসবা অঞ্চলেরই আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় গ্রেফতার করা হয় ওই কলেজেরই এক প্রাক্তনী এবং দুই পড়ুয়াকে । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের কসবা গণধর্ষণের অভিযোগ ওঠায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

