পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ৷ বুধবার (স্থানীয় সময়) ভূমিকম্পে ফলে রাজধানী কারাকাসে বেশ কিছু ভবন তাসের ঘরের মত ধসে পড়ে। অন্য কিছু এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলেও সংবাদসংস্থা সূত্রে খবর। কম্পনের জেরে অনেক প্রাণহানির আশঙ্কা করাও হচ্ছে ৷ বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন ৷
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুমান করেছে, ভেনেজুয়েলায় হওয়া জোড়া ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারাতে বা গুরুতরভাবে আহত হতে পারে। ইউএসজিএস-এর তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 10,000 ছুঁতে পারে ৷ ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জোড়া ভূমিকম্পের মধ্যে রিখটার স্কেলে প্রথমবার কম্পনের মাত্রা ছিল 7.1 ৷ যার উৎপত্তিস্থল ক্যারিবীয় উপকূলীয় এলাকা মোরোনের পশ্চিমে ৷ ওই এলাকাটি কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার (104 মাইল) দূরে। ভূমিকম্পনের গভীরতা ছিল 22 কিলোমিটার।তার ঠিক এক মিনিট পরেই USGS আরও শক্তিশালী কম্পনের কথা জানায় ৷ দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল 7.5 ৷ দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার ৷ উৎপত্তিস্থল ছিল মোরোনের 16 কিলোমিটার (10 মাইল) দক্ষিণ-পশ্চিমে। ইতিমধ্যেই কত জন মারা গিয়েছেন তা নিয়ে এখনও কিছু জানানো না-হলেও একাধিক দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের তরফে ভূমিকম্পে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে ৷ভেনেজুয়েলায় এই ভূমিকম্প গত এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ৷ শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করাও হচ্ছে ৷ এখনও কোনও ক্ষয়ক্ষতির কথা জানানো না-হলেও উদ্বেগের কথা জানিয়েছে প্রশাসন। অনেকেই হতাহত হয়ে থাকতে পারেন বলেও জানানো হয়েছে ৷ এরপরই ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ার-সহ কয়েকটি অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করে আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। সুনামির সতর্কতা জারি করা হয় ভার্জিন আইল্যান্ডসের জন্যও । স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া বহুতলগুলোর নীচে বহু মানুষ চাপা পড়ে আছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে । যদিও কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে ৷ কারাকাসের এক বাসিন্দা হেক্টর রিচি বলেন, “শুরুটা হয়েছিল মৃদুভাবে, কিন্তু ধীরে ধীরে কম্পনের তীব্রতা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আমাদের সবাইকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয় এবং সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে যায় ।”
