কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি’র একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে ১২ জনই ভারতীয়। সোমবার কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এ তথ্য জানিয়েছেন ৷
কাতার এনার্জি-র প্রধান কার্যকরী কর্মকর্তা (সিইও) আল-কাবি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় ৬৬ জন আহত হন। সোমবার এক সংবাদ সম্মেলনে আল-কাবি নিশ্চিত করেন যে, এই ঘটনায় ভারত ও পাকিস্তানের নাগরিকরা প্রাণ হারিয়েছেন। দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা কাতারি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং নিহত ও আহতদের পরিবারের সব ধরনের সহায়তা প্রদান করবে।এক্স হ্যান্ডেলে এক বার্তায় দূতাবাসের তরফে বলা হয়েছে, “গত রাতে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।” দূতাবাস যোগাযোগের জন্য নিম্নলিখিত হেল্পলাইন নম্বর ও ইমেইল ঠিকানা প্রকাশ করেছে: +974-55647502 অথবা +975-55384683 এবং মেইল: cons.doha@mea.gov.in
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এর আগে, এই ‘দুঃখজনক ঘটনায়’—যেখানে অনেকে আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন—ভারতীয় দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। দূতাবাসের আরও বলা হয়েছে, “এই কঠিন ও সংকটময় মুহূর্তে, ভারতীয় দূতাবাস এবং কাতারে বসবাসরত সমগ্র ভারতীয় সম্প্রদায় কাতার সরকার ও জনগণের পাশে রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য আশা ও প্রার্থনা করছি।”
