দিল্লিতে জারি অ্যালার্ট। লাগাতার বৃষ্টিতে ক্রমাগত বেড়ে চলেছে যমুনার জল। মঙ্গলবার বিপদরেখা অতিক্রম করল নদীর জল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থাকে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে টানা কয়েকদিনের অতি বৃষ্টির ফলে যমুনার জল ক্রমে বেড়ে চলেছে। দিল্লিতে জারি অ্যালার্ট। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, এই মৌসুমে প্রথমবার হথিনিকুন্ড ব্যারাজের ১৮টি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে সেখান থেকে ১.১৬ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেচ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এই জল দিল্লি পৌঁছতে সাধারণত ৪৮ থেকে ৫০ ঘণ্টা সময় নেয়।এদিকে, রবিবার হরিয়ানার সোম নদীর জলস্তরও হঠাৎ বেড়ে গিয়েছে। যমুনানগর ও আশপাশের হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে এটি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরিয়ানার পানিওয়ালা সহ একাধিক গ্রামে নদীর বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ধনৌরা গ্রামে একটি সেতুর উপর দিয়ে নদীর জল উপচে পড়তে দেখা যায়, যা হরিয়ানার রণজিতপুরকে হিমাচল প্রদেশের সঙ্গে সংযুক্ত করে। যমুনানগর ছাড়াও হরিয়ানার পঞ্চকুলা, কুরুক্ষেত্র ও আম্বালার একাধিক অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। চণ্ডীগড়েও রবিবার সুখনা হ্রদের জল বিপদসীমার কাছাকাছি পৌঁছনোয় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হ্রদের তিনটি বন্যা গেটের মধ্যে একটি গেট খোলা হয়েছে অতিরিক্ত জল ছাড়ার জন্য। জল ছাড়ার আগে আশেপাশের সব অঞ্চলকে সতর্ক করে দেওয়া হয়। সাধারণভাবে ১১৬৩ ফুট জলস্তর পৌঁছালে এই গেটগুলি খোলা হয়।