?> ভেনেজুয়েলায় মার্কিন হামলা, প্রেসিডেন্ট মাদুরো এখন আমেরিকার কবজায়, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এখন আমেরিকার কবজায় ! ভারতীয় সময় শনিবার দুপুরে (4.30 ইস্টার্ন টাইম) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় নিশ্চিত করেন, ভেনেজুয়েলা এবং দেশের নেতাদের উপর বিশাল হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী ৷ তিনি জানান, দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কিন্তু তাঁরা ঠিক কোথায়, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প ৷ তবে নিশ্চিত করেছেন, তাঁরা আমেরিকার হেফাজতে ৷ আমেরিকার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 11টা (ভারতীয় সময় রাত 9.30 টা) নাগাদ তিনি তাঁর ফ্লোরিডার মার-আ-লাগোর বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন ৷ এদিকে উটাহ শহরের সেনেটর মাইক লি জানিয়েছেন তাঁর সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কথা হয়েছে ৷ তিনি সেনেটরকে জানিয়েছেন, মাদুরোকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তার বিচার হবে আমেরিকায় ৷সেনেটর মাইক লি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, “এখুনি সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা হল ৷ তিনি আমায় অবগত করেছেন, মার্কো রুবিওর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে আমেরিকায় ৷ সেই মামলার বিচারের জন্য তাকে আমেরিকার আধিকারিকরা গ্রেফতার করেছেন ৷” সেনেটর তাঁর এই পোস্টে নিশ্চিত করেছেন, মাদুরো এখন আমেরিকার হেফাজতে রয়েছেন ৷ তাই ভেনেজুয়েলার উপর আর কোনও হামলা চালানো হবে না ৷এদিকে দক্ষিণ আমেরিকার এই দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দেশের দায়িত্ব নেবেন ভাইস-প্রেসিডেন্ট ৷ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ অবশ্য এবিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি ৷ দেশের প্রেসিডন্ট সম্পর্কে তিনি দেশের সরকারি টিভি চ্যানেলে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী এই মুহূর্তে কোথায় আছেন, তা সরকার জানে না ৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন, কী করছেন, আমরা কিছু জানি না ৷” শেষ গত শুক্রবারে দেশের টেলিভিশনে দেখা গিয়েছিল প্রেসিডেন্ট মাদুরোকে ৷ তিনি কারাকাসে চিনের একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছিলেন ৷ ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর দিয়ে একের পর একে মার্কিন সেনার বিমান উড়ে যাচ্ছিল ৷ বিমানগুলি খুব নীচ দিয়ে যাচ্ছিল ৷ এর সঙ্গে রাজধানীর অন্তত সাতটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ কারাকাসের একটি সেনাঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছিল ৷ আরেকটি সেনাঘাঁটিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ রাতে এমন বিস্ফোরণের শব্দে মানুষ জন বাড়ির বাইরে বেরিয়ে আসে ৷ ছোটাছুটি করতে থাকে ৷ 21 বছর বয়সি এক তরুণী কারমেল হিদালগো জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন ৷ তিনি বলেন, “মাটি কেঁপে উঠল ৷ ভয়ঙ্কর ৷ আমরা বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম ৷ বিমান উড়ে যাচ্ছিল, সেই শব্দও ৷ মনে হচ্ছিল যেন বাতাসটা সজোরে আমাদের ধাক্কা দিচ্ছে ৷” প্রথম দিকে এই হামলা কে চালাল তা নিয়ে সন্দেহ থাকলেও দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার বিরুদ্ধে দেশের নাগরিক ও সেনা পরিকাঠামোগুলির উপর আক্রমণের অভিযোগ তুলেছিলেন ৷ কারাকাসে বিস্ফোরণে আগে দেশের প্রশাসন আমেরিকার বাণিজ্যিক বিমানগুলির উপর দেশের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ কারণ ভেনেজুয়েলার আকাশে দেশের সামরিক বাহিনী মহড়া দিচ্ছিল ৷ কিন্তু সেসব তোয়াক্কা না-করেই রাজধানী কারাকাসের সাতটি জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে মার্কিন সেনা ৷ গত বছরের 20 জানুয়ারি দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর মাদক নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ মাদক কারবারিদের সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দেওয়ার এগজিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ দক্ষিণ আমেরিকার ট্রেন ডে আরাগুয়া নামের ভেনেজুয়েলার গ্যাংয়ের উপর নজর ছিল আমেরিকার ৷ ক্যারিবিয়ান সমুদ্রে ভেনেজুয়েলার একাধিক জাহাজের উপর আক্রমণ চালাচ্ছিল আমেরিকার সেনাবাহিনী ৷ অভিযোগ ছিল, ওই জাহাজগুলি মাদক বয়ে নিয়ে যাচ্ছে ৷ গত একমাসে ভেনেজুয়েলার মাটিত আক্রমণ শানানোর হুমকিও দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ গত বৃহস্পতিবার আগে থেকে রেকর্ড করে রাখা একটি ভাষণে প্রেসিডেন্ট মাদুরোকে বলতে শোনা যায়, আমেরিকা ভেনেজুয়েলায় সরকার বদলের জন্য চাপ দিচ্ছে ৷ এর কারণ দেশের বিশাল তৈল সম্ভার ৷ গত অগস্টে ক্যারিবিয়ান সমুদ্রে বিপুল সেনা মোতায়েন করে এর শুরু হয়েছিল ৷ মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে আমেরিকা ৷ গত সপ্তাহে দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনেজুয়েলার একটি বন্দরে ড্রোন হামলা চালিয়েচিল ৷ মনে করা হয়, ওই বন্দরের মাধ্যমে মাদক পাচারকারবারিরা ব্যবসা করেন ৷ এটাই ছিল ভেনেজুয়েলার মাটিতে প্রথম সরাসরি হামলা ৷ এর আগে সেপ্টেম্বর মাস থেকে ভেনেজুয়েলার নৌকা ও জাহাজে হামলা চালিয়ে যাচ্ছিল মার্কিন সেনা ৷