মঙ্গলে তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ আজ হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার হুগলিতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ সূত্রের খবর, চলতি মাসে তারকেশ্বরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সেই সভাস্থল পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। তাই মন্দির চত্বরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুজো, প্রসাদ গ্রহণ করে মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে হুগলি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তারকেশ্বর ও ধনেখালিতে সম্ভাব্য 2টি জায়গা তিনি পরিদর্শন করবেন ৷ আগামী 20 জুন প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ সূত্রের খবর, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করার কথা। নির্বাচনের আগে হরিপালে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে শিল্প-সহ একাধিক প্রকল্পের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী হুগলিতে এলে শিল্পের প্রসঙ্গ উঠেতে পারে, বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জুন মাসে জনসভার জন্য মুখ্যমন্ত্রী এদিন বিশেষ আলোচনা করবে বলেও জানা গিয়েছে ৷ তারকেশ্বরবাসীদের আশা, এলাকার উন্নয়ন নিয়ে বার্তা দিক শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রী মঙ্গলবার কলকাতা থেকে সড়কপথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকুল, তারকশ্বর, জয়কৃষ্ণবাজার, পদ্মপুকুর, চাউলপট্টি হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছবেন।