?> মহিলাদের বিশ্বকাপেও ভারতের কাছে ৮৮ রানে হারলো পাকিস্তান - Bangla News, Latest Bengali News | Banga News | খবর on স্পট | banganews.net

দুবাই হোক কিংবা কলম্বো। মহিলাদের বিশ্বকাপেও ভারতের কাছে ৮৮ রানে হারলো পাকিস্তান। অর্থাৎ, মহিলাদের ভারত-পাক দ্বৈরথে ‘উইমেন ইন ব্লু’রা ১২-০ ব্যবধানে এগিয়ে গেল। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ল ১৫৯ রানে। ভারত জয়ী ৮৮ রানে।  রবিবার টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে পিচ ছিল স্যাঁতসেঁতে। আকাশের মুখ ভার। যার ফায়দা তুলতে চেয়েছিলেন পাক অধিনায়ক ফতিমা সানা। তবে শুরুটা কিন্তু বেশ ভালোই করলেন ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা। ফতিমা সানার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ২৩ রানে সাজঘরে ফিরলেন স্মৃতি। ৩১-এর বেশি করতে পারলেন না প্রতিকাও। মাত্র ১৯ রানের মাথায় আউট হলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে লড়ছিলেন হারলিন দেওল। চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন তিনি। ৩২ রানের বেশি করতে পারলেন না জেমাইমা রদ্রিগেজ। তিনি আউট হওয়ার আগে অবশ্য পোকার উপদ্রবে ১০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। এরপর দীপ্তি শর্মা এবং স্নেহ রানার জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৪২ রান। রানা (২০) আউট হতেই খেই হারিয়ে ফেলেন দীপ্তিও। তবে আট নম্বরে নেমে তাণ্ডব চালালেন বাংলার রিচা ঘোষ। ২০ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেন। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে ভারতের রান পৌঁছায় ২৪৭ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে পর্যুদস্ত হয় পাকিস্তান।